জ্বলদর্চি

দুটি কবিতা /সুমনা পাল

দুটি কবিতা 
সুমনা পাল


মাধ্যাকর্ষণ


পৃথিবীর
চেনা, অচেনা, একটু-চেনা 
সম্পর্কগুলোর সাথে গা ঘেঁসাঘেসি করে চলতে চলতে ,
অস্তিত্ব আজ গভীর অসুখে সংক্রামিত।

পরিচিত ভূমি থেকে নিজেকে উপড়ে নেওয়ার ইচ্ছেটা,
বারবার মাথা চাড়া দিয়ে ওঠে।

যেতে চাই মাধ্যাকর্ষণের বিপরীতে।

অথচ টান দিলেই  রক্তক্ষরণ।

বুঝেছি,
শিকড় এগিয়ে গেছে মাটির অনেক গভীরে।

🍂


অবাধ্য হৃদয়

অবেলার ঢেউ, সুনামি হয়ে আসে...

তবু ভুলবেলায় ভালোবেসে
বিবর্ণ মানবীদের বিধবা-হৃদয় 
আজও অবাধ্য কিশোরী হতে চায়।
পৃথিবীর দূরতম প্রান্তে 
কোনো এক দিশাহীন নাবিককে ভালোবেসে, শুকনো স্তনের বেশ্যাটির বুকে আসে যুবতি- জোয়ার।

অবেলার ঢেউ, মৃত্যু হয়ে আসে...

তবুও পৃথিবীর নির্জনতম দ্বীপের ,ধূসর মানুষেরা 
বেপরোয়া কিশোর হতে চায়।
অবৈধ -পবিত্র কোলে মাথা রেখে,
ঘুমাতে চায় হাজার বছরের ঘুম।

কালবেলার ঢেউ ,অভিশাপ হয়ে আসে...

তবুও কালবেলায় ভালোবেসে, 
অবাধ্য আদম -ইভেরা 
বার বার স্বর্গভ্রষ্ট হতে চায়

Post a Comment

3 Comments

  1. কমলিকা ভট্টাচার্যJanuary 30, 2026

    ভালো লেগেছে কবিতাগুলো।

    ReplyDelete
  2. ভালো লাগলো কবিতাগুলো

    ReplyDelete
  3. ভালো লাগা থাকলো।

    ReplyDelete