প্রসূন কাঞ্জিলাল
নাট্যকার দীনবন্ধু মিত্রের এক অবিস্মরণীয় সৃষ্টি, নাটক -- ‘নীলদর্পণ’। এই নাটকটি প্রকাশিত হয়েছিল ১৮৬০ সালে ঢাকা থেকে। প্রথম প্রকাশে লেখকের কোনো নাম ছিল না গ্রন্থটিতে। মলাটে লেখকের নাম না থাকলেও, এটি কে লিখেছেন সেটি জানতে কারোরই বাকি ছিল না সেই সময়।
১৮৩০ সালে চব্বিশ পরগণায় জন্ম দীনবন্ধু মিত্রের। দরিদ্র ঘরের সন্তান তিনি। নিজের চেষ্টায় দাঁড় করিয়েছিলেন নিজেকে। পিতৃদত্ত ‘গন্ধর্বনারায়ণ’ নাম বদল করে ‘দীনবন্ধু’ নাম গ্রহণ করেন। ঊনিশ শতকের মাঝামাঝি বাংলার রেঁনেসার সময়ে যে সকল মহৎ সাহিত্যিক তাঁদের মেধা দিয়ে বাংলাকে আলোকিত করার চেষ্টা করেছেন, তিনি তাঁদের মধ্যে অন্যতম।
ডাকবিভাগে কাজ করতেন দীনবন্ধু। নীলদর্পণ যখন ছাপা হয় তখন তিনি ঢাকা বিভাগের ইনস্পেক্টিং পোস্টমাস্টার। সরকারি কাজে তাঁকে প্রায়শই ঢাকা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে যেতে হত। যদিও বাংলায় নীল চাষের মূল জায়গা ছিল নদীয়া (কুষ্টিয়া তখন নদীয়ার অংশ ছিল) এবং যশোর জেলায়। তারপরেও, ঢাকা এবং ময়মনসিংহেও অনেক নীলকুঠি ছিল, সেগুলো চোখ এড়িয়ে যায়নি দীনবন্ধু মিত্রের।
মেধাবী, কর্মঠ এই ব্যক্তিটি সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন -
" দীনবন্ধুর যেরূপ কার্যদক্ষতা এবং বহুদর্শিতা ছিল, তাহাতে তিনি যদি বাঙালি না হইতেন, তাহা হইলে মৃত্যুর অনেক দিন পূর্বেই তিনি পোস্টমাস্টার জেনারেল হইতেন, এবং কালে ডাইরেক্টর জেনারেল হইতে পারিতেন। কিন্তু যেমন শতবার ধৌত করিলে অঙ্গারের মালিন্য যায় না, তেমনি কাহারো কাহারো কাছে সহস্র দোষ থাকিলেও কৃষ্ণবর্ণের যায় না! শ্বেতবর্ণ যেমন সহস্র দোষ ঢাকিয়া রাখে, কৃষ্ণচর্মে তেমনি সহস্র গুণ ঢাকিয়া রাখে। "
নীলদর্পণ নাটক বাংলার পেশাদার থিয়েটার গড়ার ক্ষেত্রেও অবদান রেখেছিল। এই নাটক দিয়ে প্রভাবিত হয়েই গিরীশচন্দ্র ঘোষ কলকাতায় ন্যাশনাল থিয়েটার গঠন করেন এবং নীলদর্পণই প্রথম বাণিজ্যিকভাবে প্রদর্শিত হয়। এই নাটকের প্রদর্শনীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও উপস্থিত ছিলেন দর্শক হিসাবে। আবেগী এবং মেজাজী লোক ছিলেন তিনি। সাহেব-সুবোদের গ্রাহ্যের মধ্যেই নিতেন না। অপমানের প্রতিশোধ নেবার জন্য এক ইংরেজ অধ্যক্ষের সামনে টেবিলে পা তুলে দিয়ে কথাও বলেছিলেন একবার। কারণ, ওই অধ্যক্ষ বৃটিশ হবার গরিমায় ঈশ্বরচন্দ্রের সাথে একই আচরণ করেছিলেন। নাটকের মূল চরিত্র উডের ভূমিকায় অভিনয় করছিলেন শক্তিমান অভিনেতা --- " অর্ধেন্দুশেখর মুস্তাফি "।
নীল চাষীদের উপর তাঁর অত্যাচারের অভিনয় দেখে বিদ্যাসাগর মহাশয় এতই ক্ষিপ্ত হয়েছিলেন যে, পায়ের চটিজুতো খুলে ছুঁড়ে মেরেছিলেন অর্ধেন্দুর গায়ে। তিনিও তাঁর অভিনয়ের পুরস্কার হিসাবে সেই জুতোকে তুলে নিয়েছিলেন স্মারক হিসাবে।
নীলদর্পণ প্রকাশের পরেই বাংলার বিখ্যাত সব সাহিত্যিকেরা এর পাশে এসে দাঁড়ান। শুধু এই নাটকের ক্ষেত্রেই নয়, নীল চাষের বিরুদ্ধে লেখালেখিতে ঝাঁপিয়ে পড়েন তাঁরা সকলেই। এঁদের মধ্যে অন্যতম ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ , কাঙাল হরিনাথ মজুমদার, শিশিরকুমার ঘোষ প্রমুখ। একটা মাত্র মহত্তম নাটক যে একটি বিদ্রোহের জন্য রসদ জোগাতে পারে, তা প্রমাণ করে দিয়েছিল নীলদর্পণ।
ঠাকুরপুকুরে একটা বাংলা স্কুল চলাতেন রেভারেন্ড জেমস লং। বহুভাষাবিদ ছিলেন তিনি, ছিলেন প্রাচ্য বিশারদও। বাংলা, সংস্কৃতি, ফার্সি সহ আরো অনেকগুলো প্রাচ্যদেশীয় ভাষা জানতেন তিনি। ১৮৬১ সালে দীনবন্ধুর কাছ থেকে নীল দর্পণের একটি কপি পান তিনি। পাদ্রী লং বাংলার গভর্নর জেনারেলের সেক্রেটারি এবং ইন্ডিগো কমিশনের প্রাক্তন প্রেসিডেন্ট সেটন কারের নজরে আনেন। এর গুরুত্ব অনুভব করে সেটন কার কথা বলেন লেফটেন্যান্ট গভর্নর যে পি গ্রান্টের সাথে। নাটকটিতে কী লেখা আছে সেটি জানার জন্য ঘনিষ্ঠ কিছু লোকজনকে দেবার জন্য এর ইংরেজি অনুবাদ করা যায় কি না সে বিষয়ে আগ্রহ দেখান।
বিষয়টা পাদ্রী লং এর মাথায় গেঁথে যায়। তিনি নিজেই এর অনুবাদ করা শুরু করেন। কিন্তু কৃষকের চলতি গ্রাম্য ভাষা ছিল এই নাটকের প্রাণ। ফলে, এর অনুবাদে খুব একটা সুবিধা করতে পারেন না তিনি। তাই লং সাহেব শরণাপন্ন হলেন বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই বিশেষ দখল আছে, এমন একজন দেশি ব্যক্তির। সেই ব্যক্তি মাত্র এক রাতের মধ্যেই নীল দর্পণের অনুবাদ করে দেন। পাদ্রী লং তখন এই পাণ্ডুলিপি পাঠিয়ে দেন ক্যালকাটা প্রিন্টিং এন্ড পাবলিশিং এর স্বত্বাধিকারী ক্লিমেন্ট হেনরি ম্যানুয়েল এর কাছে। তিনশো টাকার বিনিময়ে পাঁচশো কপি ছাপানোর সুরাহা হয়। নীল দর্পণ Nil Darpan, The Indigo Palnting Mirror নামে তা ছাপা হয়ে যায় অনুবাদকের নাম ছাড়াই। বইতে শুধু লেখা ছিল Transalted from the Bengali by a Native. বইটাতে পাদ্রী লং একটা ভূমিকাও জুড়ে দিয়েছিলেন।
বইগুলো হাতে পাবার পরে পাদ্রী লং সেগুলোকে বিভিন্ন গণ্যমান্য ইউরোপীয় এবং প্রভাবশালী নেটিভদের কাছে ডাকযোগে পাঠানো শুরু করেন।
নীলকররা যখন এই ঘটনা জানতে পারল তখন তাদের ক্ষিপ্ততা চরমে পৌঁছোয়। গভর্নরের কাছে তারা জানতে চাইল যে, কার অনুমতিতে এই বইয়ের অনুবাদ করা হয়েছে? সরকারের কাছ থেকে তেমন কোনো সদুত্তর না পেয়ে নীলকরেরা আদালতে যাবার সিদ্ধান্ত নিল। লেখক এবং প্রকাশককে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে অভিযুক্ত করা হল। কিন্তু, বইয়ে অনুবাদকের নাম না থাকায় শুধু প্রকাশক হেনরি ম্যানুয়েলকে আদালতে তোলা হল। তিনি নিজেকে দোষী বলে স্বীকার করে নিলেন এবং জানালেন যে, পাদ্রী লং এর কাছ থেকে টাকা পেয়েই তিনি এই বইটি প্রকাশ করেছেন। এরপর মামলা সরে গেল পাদ্রী লং-এর দিকে। পুরো বিচার চলাকালীন সময়ে পাদ্রী লং এর কাছ থেকে নেটিভ অনুবাদকের নাম জানার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কিছুতেই তাঁর মুখ খোলাতে পারেনি আদালত। বিচার শেষে দোষী বলে আদালত সাব্যস্ত করে তাঁকে। একমাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় তাঁকে।
হাজার চেষ্টা করেও লং সাহেবের মুখ থেকে যে নেটিভ অনুবাদকের নাম জানা সম্ভব হয়নি, তাঁর নাম অবশ্য গোপন থাকেনি। থাকার কথাও নয়। ইংরেজরা ঠিকই ধরে ফেলেছিল। কিন্তু কিছুই করতে পারেনি প্রমাণ না থাকার কারণে। বাংলা এবং ইংরেজিতে ওইরকম তুখোড় দখল বাংলাদেশে মাত্র একজনেরই ছিল। বুদ্ধিমান পাঠকেরাও এতক্ষণে অনুবাদক কে ছিলেন, সেটা ধরে ফেলেছেন জানি। হ্যাঁ, নীলদর্পণের সেই অজ্ঞাতনামা নেটিভ অনুবাদক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত।
নীলদর্পণের নেটিভ অনুবাদকের নাম প্রকাশ্যে ফাঁস করেছিলেন বঙ্কিমচন্দ্র। তিনি বলেছিলেন যে, এই ইংরেজি অনুবাদের ফলে মাইকেল মধুসূদন গোপনে তিরস্কৃত ও অপমানিত হয়েছিলেন এবং এইজন্য শেষে তাঁকে জীবিকানির্বাহের একমাত্র উপায় সুপ্রীম কোর্টের চাকরিও ছেড়ে আসতে হয়েছিল।
কারো জন্য যদি অন্য কেউ জেল খাটার বন্দোবস্ত থাকত, তবে সেদিন পাদ্রী লং-এর জন্য বহু লোকই এক পায়ে খাড়া ছিল। তবে, সেটা হবার নয়। কাজেই হয়ওনি। এক মাসের কারাবরণ করেছিলেন পাদ্রী লং। কিন্তু এক হাজার টাকার জরিমানা তাঁকে বইতে হয়নি। বিচারকের রায় বেরোনোর পরে দেখা গেল যে, আরেক নেটিভ ভদ্রলোক অযাচিতভাবে পাদ্রী লং-এর অর্থদণ্ডের সমস্ত টাকা হাসিমুখে পরিশোধ করে দিয়েছেন। এই নেটিভ ভদ্রলোক একজন জমিদার। নাম কালীপ্রসন্ন সিংহ। 'হুতোম পেঁচার নকশা" দিয়েই তাঁকে চিনি আমরা ।
জেমস লঙ (৪ জুন ১৮১৪ তাঁর সেন্টপিটার্স চার্চে ব্যাপটিজম হয় – ২৩ মার্চ ১৮৮৭) ছিলেন একজন অ্যাংলো-আইরিশ মিশনারী সোসাইটির ধর্মযাজক। একজন প্রাচ্যবিশারদ, শিক্ষাবিদ, প্রাবন্ধিক, এবং মানবতাবাদী ব্যক্তিত্ব হিসাবে তার সমধিক পরিচিতি ছিল। তিনি ভারতে চার্চ মিশনারী সোসাইটির সদস্য হিসাবে কলকাতায় আসেন এবং ১৮৪০ খ্রিস্টাব্দ হতে ১৮৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতার উপকণ্ঠে ঠাকুরপুকুরের মিশনের প্রধান ছিলেন। কলকাতার জেমস লঙ সরণিতে জেমস লঙ এর আবক্ষ মূর্তি আছে।
জেমস লঙ ক্যালকাটা স্কুল-বুক সোসাইটি, বেথুন সোসাইটি, বেঙ্গল সোস্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন, এশিয়াটিক সোসাইটির সাথে ঘনিষ্টভাবে যুক্ত ছিলেন। তিনি দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজীতে প্রকাশ করেন যেটি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। সেকারণে তাঁকে মানহানির মামলায় জরিমানা সহ স্বল্প সময়ের কারাবাস ভোগ করতে হয়।
জেমস লঙ আয়ারল্যান্ডের কাউন্টি কর্কের ব্যান্ডনে জন্ম গ্রহণ করেন। পিতা জন লঙ এবং মাতা অ্যানে। তিনি বারো বৎসর বয়সে সদ্য প্রতিষ্ঠিত ব্যান্ডন এন্ডোয়েড স্কুলে ভর্তি হন। তিনি সেখানে হিব্রু, গ্রীক, লাতিন ও ইংরাজী ভাষা এবং ইউক্লিড, বীজগণিত, লজিক, পাটিগণিত, হিসাবশাস্ত্র, ইত্যাদিতে সম্যক জ্ঞান, ইতিহাস ভূগোল পরিচয়ে শিক্ষা লাভ করেন অতিশয় মেধাবী ছাত্র ছিলেন তিনি এবং তার বিশেষ প্রিয় বিষয় ছিল ধর্মতত্ত্ব এবং ক্লাসিক।
ইতোমধ্যে ১৮৩৮ খ্রিস্টাব্দে চার্চ মিশনারি সোসাইটিতে যোগদানের জন্য তার আবেদন গৃহীত হয় এবং তিনি ইসলিংটনের চার্চ মিশনারি সোসাইটি কলেজে যোগ দেন।ইসলিংটনে দু বৎসরের প্রশিক্ষণের পর রেভারেন্ড লঙ ১৮৪০ খ্রিস্টাব্দে কলকাতায় আসেন চার্চ মিশনারি সোসাইটিতে যোগ দিতে। ১৮৪৯ খ্রিস্টাব্দে অল্পসময়ের জন্য ইংল্যান্ডে আসেন উইলিয়াম ওরমের কন্যা এমিলি ওরমাকে বিবাহ করতে।
১৮৪০ খ্রিস্টাব্দ হতে ১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কলকাতার আমহার্স্ট স্টীটস্থ সিএমএস-এর ভবনে অ-খ্রিস্টান ছাত্রদের শিক্ষা দিতেন। ১৮৪৮ খ্রিটাব্দে বিবাহের পরে ভারতে প্রত্যাবর্তনের সাথে তাকে ঠাকুরপুকুরের সিএমএস মিশনের প্রধান করা হয়। ১৮৫১ খ্রিস্টাব্দের মধ্যে তিনি স্থানীয় বাংলা ভাষায় ছেলেদের জন্য একটি স্কুল এবং তার স্ত্রী এমিলিও ওই সময়ে মেয়েদের জন্য স্কুল স্থাপন করেন। ১৮৫৪ খ্রিস্টাব্দে শিক্ষা পরিষদের এফ জে হ্যালিডে কে লেখা এক চিঠিতে তিনি জানালেন যে, হিন্দু, মুসলমান ও খৃস্টান মিলিয়ে প্রায় একশত ছাত্র ক্লাসে আসে। ১৮৫১ খ্রিস্টাব্দে তার রচিত বই “বাংলা প্রবাদ” বাংলা সাহিত্যে এক উল্লেখযোগ্য সংযোজন হিসাবে পরিগণিত হয়েছে, পরবর্তী দুই দশক ধরে তিনি বাংলা প্রবাদ বাক্য এবং লোকসাহিত্য নিয়ে পড়াশোনা করেন এবং ১৮৫৫ খ্রিস্টাব্দেA Catalogue of Bengali Newspapers and Periodicals from 1818 to 1855 এবং ১৮৬৫ খ্রিস্টাব্দে Descriptive Catalogue of Vernacular Books and Pamphlets শীর্ষক গ্রন্থ প্রকাশ করেন যেটি ভারত সরকার ১৮৬৭ খ্রিস্টাব্দে প্যারিসে আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রেরণ করে। জেমস লং সাহেব বাংলা ভাষা, বিশেষ করে বাংলা প্রবাদ নিয়ে অসাধারণ কাজ করেছিলেন। তাঁর তৈরি করা বাংলা প্রবাদের সংকলন, ১৮৬৮ সালে প্রকাশিত 'Two Thousand Bengali Proverbs Illustrating Native Life and Feeling' সেই সময়ের বাংলা ভাষার হুবুহু চেহারাটা ধরে রেখেছে। দারুণ কাজের এই বইটা।
১৮৬১ খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহের উপর তার আমহার্স্ট স্টীটের সিএমএস স্কুলের ছাত্র দীনবন্ধু মিত্রের বাংলায় লেখা নাটকের একটি বই পান। নাটকের বইটি বিগত বছর ঢাকা থেকে নীল চাষের জমির রায়ত ও মজুরদের উপর নীলকরদের অত্যাচার ও দাস হিসাবে তাদের উপর নিপীড়ন মূলক শোচনীয় অবস্থার পটভূমি নিয়ে বেনামে প্রকাশিত হয়েছিল।
জেমস লঙ বিষয়টি বাংলার গভর্নরের সচিব ও ইন্ডিগো কমিশন বা নীল কমিশনের সাবেক সভাপতি হেনরি সেটন করের নজরে আনেন।
তিনি "নীলদর্পণ"-এ বর্ণিত বিষয়টির গুরুত্ব অনুধাবন করে লেফটেন্যান্ট গভর্নর জন পিটার গ্রান্টের সাথে কথা বলেন। গ্রান্ট তখন এটির ইংরাজী অনুবাদ এবং এর বন্ধুদের মধ্যে বিতরণের জন্য কিছু ব্যক্তিগত কপি দেখতে চাইলেন। জেমস লঙ "বাই এ নেটিভ" বেনামে স্বরচিত ভূমিকাসহ ইংরাজীতে অনুবাদ করেন। লঙ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ট্রায়াল কোর্টে অনুবাদকের নাম প্রকাশ করতে অস্বীকার করেছিলেন। ফলে পরে মাইকেল মধুসূদন দত্তকে অনুবাদক হিসাবে ধরা হলে, বিতর্ক রয়ে যায়।[৯] ১৮৬১ খ্রিস্টাব্দের এপ্রিল বা মে মাসে মুদ্রিত এই অনুবাদের ভূমিকায় লেখা ছিল লেখকের আন্তরিক ইচ্ছা এই যে, নীল চাষী এবং রায়তদের মধ্যে দ্রুত সম্প্রীতি গড়ে উঠতে পারে ...." লঙ অনুবাদের পাণ্ডুলিপি ক্যালকাটা প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং প্রেসের ক্লিমেন্ট হেনরি ম্যানুয়েল কাছে পাঠান তিন শত টাকায় পাঁচশত কপি ছাপানোর জন্য। লঙ সেগুলি সরকারি "মহামান্য রাণীর সেবায়" শীর্ষক খামে দেশে ও বিদেশে বিশিষ্ট ইউরোপিয়ানদের পাঠাতে শুরু করেন এবং এ বিষয়টি লেফটেনান্ট গভর্নরের অবগতিতে ছিল না।
নাটকটির ইংরাজী অনুবাদ দেশে বিদেশে প্রচারের ফলে উত্তেজনা সৃষ্টি করেছিল। অনুবাদকর্মে প্রকাশিত নীলকরদের অত্যাচারের ধরন আর জেমস লঙ-এর প্রতিক্রিয়া ও সহমত প্রশাসনকে এতই ক্ষুব্ধ করে যে, অ্যাংলো-ইন্ডিয়ান সংবাদপত্রে অনুবাদক ও প্রকাশকের ( ক্লিমেন্ট হেনরি ম্যানুয়েলের) বিরুদ্ধে প্রচার শুরু হয়। "ইংলিশম্যান" পত্রিকা ও "বেঙ্গল হুরকারু এবং ক্রনিকল" পত্রিকার সম্পাদকদের নাটকের ভূমিকায় অপবাদ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্নাম করার কারণে অনুবাদক ও প্রকাশকের বিরুদ্ধে মানহানির মামলা রুজু করে।
১৮৬১ খ্রিস্টাব্দের ১৯ শে জুলাই থেকে ২৪ শে জুলাই সংক্ষিপ্ত সময়ের কলকাতা সুপ্রিম কোর্ট চলা শ্বেতাঙ্গদের নিয়ে গঠিত জুরি বোর্ডের বিচারক এম এল ওয়েলস জেমস লঙ-কে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করে। তাঁকে এক হাজার টাকা জরিমানা ও এক মাসের (১৮৬১ খ্রিস্টাব্দের জুলাই-আগস্টের মধ্যে) কারাদণ্ড দেওয়া হয়। বাংলার কালীপ্রসন্ন সিংহ তাৎক্ষনিকভাবে আদালতে জরিমানার টাকা জমা দেন।
নীলদর্পণ কাণ্ডের পর তিন বৎসর বাড়িতে কাটিয়ে স্ত্রীকে নিয়ে কলকাতায় আসেন। পরে ১৮৬৭ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে লন্ডন যাত্রার সময় আমাশয়ে আক্রান্ত হয়ে তার স্ত্রী মারা যান। স্ত্রীর মৃত্যুর পর তিনি কলকাতায় তার দীর্ঘদিনের বন্ধু ও সহকারী বিপত্নীক রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের সাথে একই বাসায় থাকতেন। ওই বছরেই তাঁর স্ত্রীও মারা যান। সেসময় তারা দুজনে মিলে ইন্দো-ব্রিটিশ সায়েরির এক অনুষ্ঠানের আয়োজন করেন যাতে ব্রিটিশ উপনিবেশকারীদের সাথে এ দেশীয় মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা যায়। সেখানে তারা অন্যান্যদের সাথে কলকাতার বিশপ জর্জ এডওয়ার্ড লিঞ্চ কটন এবং কেশবচন্দ্র সেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেমস লঙ যতদিন শিক্ষার কাজে লিপ্ত ছিলেন, তিনি রাশিয়া সম্পর্কে অতি উৎসাহী ছিলেন। তিনি ১৮৬৩ খ্রিস্টাব্দে প্রথমবার এবং ১৮৭২ খ্রিস্টাব্দে অবসরের পর দুবার রাশিয়া ভ্রমণ করেন। তিনি ১৮৬৫ খ্রিস্টাব্দে লন্ডনে প্রকাশিত তার "রাশিয়া, মধ্য এশিয়া এবং ব্রিটিশ ভারত" শীর্ষক এক রচনায় (সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষি শ্রমিকের অবস্থা) তিনি "সার্ফ" মুক্তি তথা দাসত্ব মুক্তি সম্পর্কে আশাবাদী ছিলেন। রাশিয়া সম্পর্কে প্যারানোয়ার বর্তমান মনোভাবের বিরুদ্ধে রাশিয়ার সরকার এবং অর্থোডক্স চার্চের ভূমিকা, মধ্য এশিয়ায় খ্রিস্টধর্ম প্রচারের ইসলামের বিরুদ্ধে এক বড় কাজ হিসাবে দেখেছেন।
১৮৭২ খ্রিস্টাব্দে রেভারেন্ড জেমস লঙ চার্চ মিশনারি সোসাইটি থেকে অবসর নেন এবং চিরকালের জন্য কলকাতা তথা ভারত ত্যাগ করেন। বাকি জীবন তিনি লন্ডনে অতিবাহিত করেন এবং জীবদ্দশায় বহু গ্রন্থ রচনা করেছেন। ১৮৮৭ খ্রিস্টাব্দের ২৩ শে মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রাচ্যের ধর্ম সম্পর্কে বৃটেনের কিছু শিক্ষা কেন্দ্রে তিনি মৃত্যুর পৃর্বে একটি অথবা তার বেশি "লঙ লেকচারশিপ ইন ওরিয়েন্টাল রিলিজিয়ন" শীর্ষক বক্তৃতা আয়োজনের জন্য এক বৃত্তি প্রবর্তন করে যান।
কলকাতা মহানগরীতে ঠাকুরপুকুর সংযোগকারী এক প্রধান সড়ক রেভারেন্ড জেমস লঙ এর নামে নামাঙ্কিত করে জেমস লঙ সরণি রাখা হয়েছে।
0 Comments