গুচ্ছ ছড়া
রাজর্ষি মন্ডল
একটা ফুলে
একটা ফুলে আছে ঝুলে
মৌমাছিদের হাসি
সেই হাসিতে উঠছে বেজে
খুকুর মনের বাঁশি।
একটা ফুলে দুলে দুলে
প্রজাপতির পাখায়
খুশির লহর উঠছে খুকুর
গহীন মনের শাখায়।
একটা ফুলে রঙের ভুলে
সাজায় সাদা সাদায়
দেখতে গিয়ে খুকুর পা যে
পিছলে গেল কাদায়।
একটা ফুলে নদীর কূলে
হিরে মতির ঝালর
খুকুর চোখে রামধনু রঙ
ঝিকিমিকি আলোর।
একটা ফুলে নিচ্ছে তুলে
উমা মায়ের পূজায়
ভক্তি ভরে দুহাত জোড়ে
চোখ তো খুকু বুঁজায়।
একলা খুকু
একলা খুকু ছুটে ছুটে
নদীর কাছে আসে
একলা খুকু আদর খেয়ে
মাকেই ভালোবাসে।
একলা খুকু ছাতিম তলায়
হিম কুয়াশা মাখে
ভোরের আকাশ একলা খুকু
বুকের মাঝে রাখে।
একলা খুকুর খেলার সাথী
ফুল পাতা মোটুসী
প্রজাপতি অলির পিছে
ঘুরছে খুশি খুশি
আচ্ছা বাবা
আচ্ছা বাবা দুষ্টুমিটা
করছ কেন বলো
তুমি তবে আমার সাথে
ইস্কুলে রোজ চলো।
আমি যখন মোবাইলে
ডোরেমনকে দেখি
খুব তখনি জ্বালাও আমায়
বলবে কেন একি?
যখন আমি পুতুল খেলি
একা আমার ঘরে
আড়াল থেকে মুখটি বাঁকাও
খানিক পরে পরে।
হোমওয়ার্ক সব নিয়ে যখন
বসি প্রতি মাসে
পাতার বাঁশি বাজাও আমার
কানের আসেপাশে।
সব ধরনের বদ মতলব
তোমার মাথায় আছে
শাস্তি তুমি পাবেই দেখো
এবার মায়ের কাছে।
0 Comments