জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ স্মৃতিরেখা পাত্র

গুচ্ছ কবিতা 
স্মৃতিরেখা পাত্র 


 মনের দ্বন্দ্ব 

 মাঝে মাঝে মনে আসে
 কতো কিছু দ্বন্দ্ব।
তাল কাটে জীবনের----
 সুর,লয়,ছন্দ।

 করেছি কি সব ভুল?
  করছি যা তাও?
 ফিরতে ছন্দে কেউ 
পথ বাতলাও।

জীবনটা আলুথালু
 মনে হয় কখনো।
 একদিক সামলালে
 আর দিকে ছোটে ও।

আসলে তো হৃদয়টা
 আমাদের দুর্বল।
অল্প আঘাতে তাই
 হারায় সে মনোবল।

অন্যজনেরা কেউ 
পান না কি দুখ?
 হৃদয় হয়তো ট্যান্ড 
সয়ে দুখ সুখ।

তাইতো করিতে মোর 
হৃদয়টা শক্ত,
 আজ আমি হতে চাই
 মৌনের ভক্ত। 


 পূর্ণ মানুষ 

কাউকে কি পেয়েছিস
 ঠিক তোর মতো----
 এ ধরাতে মিলেছিস 
মানুষেরে যতো?

 সকলে যেমন পায়
 স্ব স্ব কায়া,
 তার ওপর মন ফেলে
 নিজ নিজ ছায়া।

মিল নেই  কারো সাথে
 চেহারায়, মনে।
 তবু সব সাথে নেয় 
আপনার জনে।

কতজন কারো তরে 
ত্যাগে কতো কিছু।
 দাম কেউ দেয়,
 কেউ তাকায় না পিছু ।

তাই যদি চোখে পড়ে
 কোনো মানবতা,
 তারই কর জয়গান
 মনে থাক গাঁথা।

 পূর্ণ মানুষ তোর
 মিলবে না কভু।
তোর এই চাওয়াটা
 মেটাবে না প্রভু।

কবিতা

এ তো নয় কবিতা,
 এ তো চেনা ছবিটা।
সেইটাকে সুরে মুড়ে
 তাতে কিছু কথা জুড়ে
 দেখানোর ভনিতা।

কতো কিছু ঘটছে,
 কতো কিছু রটছে।
কেউ তা দেখে শুনে
 চুপ থেকে নিজ গুনে
 অন্তরে চটছে।

কে যে কথা শুনবে?
কে যে ক্ষত গুনবে?
 তাই এই পথ ধরে
 কবিতারা কথা ভ'রে
 সব ব্যথা বুনবে।

🍂

Post a Comment

0 Comments