সপ্তম পর্ব
স্বাতী ভৌমিক
আজকের সকালের আলোটা সুভাষিনীর একটু অন্যরকমই লাগলো। যেন নতুন একটা আশার- নিজেকে প্রমাণ করার তাগিদটা বেশ অনুভব করলো সুভাষিনী। প্রকাশবাবুর রুমে চায়ের কাপ ও খবরের কাগজটা পৌঁছে দিয়ে এসে নিজেও আজ বেশ গরম গরম চায়ের কাপ হাতে বারান্দায় এসে বসলো। পাশে টেবিলে রাখা ফোনটা বেজে উঠতে তা ধরে বলল," হ্যালো, হ্যাঁ দিদি, বল্। " ফোনের অপর প্রান্ত থেকে প্রশ্ন এলো, " কীরে আজ আসছিস তো ? অনেকবার তো কাজ করবি বলেও করলি না!"সুভাষিনী বলল," হুম্ যাবো রে। চল, পরে কথা বলবো। অফিসে কী হচ্ছে তা সন্ধ্যেবেলা তোকে জানাবো"- বলে সুভাষিনী ফোন রেখে দিল। প্রকৃতই আজ তার প্রচুর চাপ। বাড়ির কাজ গুছিয়ে বাবা- মেয়ের খাবার প্রস্তুত রেখে তাকে অফিসে যেতে হবে ইন্টারভিউয়ের জন্য।
তড়িঘড়ি সমস্ত কাজ শেষ করে স্নান শেষে আরাধ্যের কাছে তার মনের আর্জি জানিয়ে সুভাষিনী গেল প্রকাশবাবুকে প্রণাম করে অনুমতি নেবার জন্য। প্রকাশবাবু খবরের কাগজ নিয়ে বসেছিলেন-পড়ছিলেন নাকি সুভাষিনীর আগমনের অপেক্ষা করছিলেন ঠিক বোধগম্য হলো না। আজ সুভাষিনীকে ডাকতে হল না।তার মৃদু পদধ্বনিতে প্রকাশবাবু দরজার দিকে চাইতেই দেখতে পেলেন সুভাষিনী বেশ সুন্দর শাড়ী পরে কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। মনে মনে ভাবলেন, "বাহ্, বেশ সুন্দর লাগছে তো আজ ওকে! এই রূপে তো এই প্রথমবার দেখছি। চোখে মুখে এইরকম অনবদ্য এক আত্মপ্রত্যয় ভাব তো ঘরোয়া গৃহবধূ রূপের থেকে অনেক বেশি সাবলীল! এতদিন কী তাহলে আমারি......"- ভাবনায় ছেদ পড়লো সুভাষিনীর কথায়। "আমি অনুমতি আর আশীর্বাদ নিতে এলাম"- বলেই প্রকাশবাবুর পা স্পর্শ করে হাসিমুখে উঠে দাঁড়ালো। আজ খুব একটা কিছু বলতে পারলেন না। বললেন," এসো, সাবধানে যেও।ভালো করে ইন্টারভিউ দিও।"
সুভাষিনী বললেন, " সমৃদ্ধি বারান্দায় খেলছে। খোকনের মা এসেছে- তার কাছেই আছে। তুমি একটু খেয়াল রেখো, আর খাবার টেবিলে সব খাবার ঢাকা দেওয়া আছে সময়মতো তোমরা খেয়ে নিও।"- বলে সুভাষিনী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। মাকে যেতে দেখে সমৃদ্ধি এসে মাকে জড়িয়ে ধরল। সুভাষিনী মেয়ের কপালে স্নেহের ছোঁয়া দিয়ে পা দিল রাস্তার উপর। কিছুটা দূর হেটে গিয়ে বড় রাস্তায় গিয়ে উঠলো সুভাষিনী। একটা টোটোকে ডেকে অফিসের ঠিকানা বলে দিল। টোটো ছুটলো সেই ঠিকানা অনুযায়ী অফিসের উদ্দেশ্যে।
ঠিক সময়মতো সুভাষিনী অফিসের সামনে পৌঁছে গেল। টোটোকে তার প্রাপ্য টাকা মিটিয়ে দিয়ে অফিসের সামনের দিকে তাকিয়ে দেখল, খুব বড় না হলেও নেহাৎ নগণ্য সেই অফিসটি নয়। কিন্তু একটু বাধোবাধো ভাব দেখা গেল সুভাষিনীর ভাব-ভঙ্গীতে।আসলে দীর্ঘদিন সে পরিবারের বাইরে সেইভাবে পা রাখে রাখেনি তো! আর রাখলেও বাজার- হাট টুকটাক ছাড়া একা কখনোই যায় না। সাথে হয় প্রকাশবাবু বা পরিবারের কোনো না কোনো আত্মীয়-স্বজন থাকেন। কিন্তু- কিন্তু ভাব নিয়েই অফিসের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল সুভাষিনী ।
ক্রমশ
0 Comments