জ্বলদর্চি

দুটি কবিতা /বাসুদেব গুপ্ত

দুটি কবিতা 
বাসুদেব গুপ্ত 


ক্লাউন 

সার্কাস ভাবলে মন খুশি 
সতর্ক থাকো আর ট্রাপিজের ফ্লাইবার 
ঠিকঠাক ধরো। নীচে ওরা দেখুক
রঙীন কাঁচুলি পরা বুক 
নিরালম্ব  অন্ধকারে লীন হয়ে নীল সারসের  মত ভাসা
নীচে জাল আছে নাকি নেই
আছে শুধু এক তাঁবু মানুষের খুশি 
সার্কাস ভাবলেই। 

ঘরের ভিতরে বাঘ বসে, হাতে ভূয়ো ইলেক্ট্রিক লাঠি 
হাতীর মতন দুঃখ হেঁটে যায় বুকের ওপর,
মোটরসাইকেল শুধু ঘোরে…
জোরে আরো জোরে আরো জোরে…
থামলেই এক তাঁবু মানুষের খুশি
সার্কাস ভাবলেই। জিতে যাবে  শ্রেষ্ঠ ক্লাউন। 

🍂


সীমানাহীন 

সোনালি রূপালী দুই দেশে 
নোনা জলের ধারা এসে মিঠা জলে  মেশে 
মাটি খুঁজে পাওয়া যায় না আর।
নৌকা ভাসে অকূল জলে ডাঙা যায় না দেখা
সোনালী রূপালী দুই দেশে 
কোথায় তাকে জন্ম দেবে ভরপোয়াতি  মা?

পড়শী আছে সংসার আছে আছে রাজার মোহর
ঘর আছে দলিল আছে আছে প্রিয় শোহর
জন্মভূমি করলো চুরি ভূতের রাজার সেনা 
রইলো না তার বাড়ী যাওয়ার আর কোনো ঠিকানা 
ঘুসপেটিয়া,  এদেশ দিল সীমার ওপার ঠেলে
ওদেশ বলে অনুপ্রবেশি ঢুকিয়ে দিলো জেলে। 

জেলের ভিতর বাড়ছে পেটে সীমানাহীন শিশু 
নতুন দিনের কৃষ্ণ বা সে  হয়ত নতুন যীশু?

Post a Comment

1 Comments