জ্বলদর্চি

তিনটি কবিতা /ইন্দ্রদীপ সিনহা

তিনটি কবিতা 
ইন্দ্রদীপ সিনহা 

বসন্তের চিঠি 

দুয়ার খুলে দেয় বসন্ত নীরব ভরে 
শিরিষের পাতায় নরম রোদ এসে পড়ে 
অলস স্বপ্নটাকে টেনে তুলে আনে 
মাঠের ধারে হলুদ সরষে হাসে ,
বাউল গানে পথ হয় মধুর। 
মলয় হাওয়া চুলে আঙ্গুল বুলিয়ে বলছে প্রেমের সুর 
পলাশের আগুনে জ্বলে ওঠে দিন 
অলক্ষ্যে রং লাগে প্রাণে 
অচেনা কারো চোখের ভাষা 
হঠাৎ ধরা দেয়। 
বসন্ত যেন চিঠি এক অদেখা প্রেরক এর খামে লেখা শুধু 
-"ফিরে এসো অন্তরে"।


ফাগুনের ডানায় 

ফাগুনের ডানায় ভর করে এলো হালকা হাওয়া, 
শিমুল পলাশী আগুন রঙের দোলা। 
কৃষ্ণচূড়া নীচে দাঁড়ায় কিশোর-বিকেল, 
রোদ্দুরে ঝরে পড়ে সোনালী বেলা।
কোকিল ডাকে দূর বন পথে গোপন সুরে, 
মন কেমন করে অকারণ সুখ।
শিশির ভেজা ঘাসে পায়ের চিহ্ন আঁকা 
নতুন স্বপ্ন জাগে হৃদয়ের মুখে।
আকাশ জুড়ে নীলের উৎসব খেলা 
মেঘেরা হেসে যায় আলতো ভেসে।
রাঙ্গা আবীর মাখা গোধূলির আলোয় দিনটি গোপনে যায় রেশ রেখে 
বসন্ত মানে শুধু ফুলের মেলা নয়
বসন্ত মনে হৃদয় খোলা কথা কয়


সবুজ চিঠি 

বসন্ত এসে ছুঁয়ে যায় নীরব জানালার কাচ 
রোদে ভেজা উঠোন জুড়ে কিশলয়দের নাচ 
শিমুল পলাশ আগুন হয়ে ডাকে দূর আকাশে
নির্জন দুপুরে কোকিলের ডাক যেন বয়ে আনে অতীতের গোপন ভালবাসা 
ধান ক্ষেত পেরিয়ে মাটির পথে রঙিন স্বপ্ন ফেরি করে
নতুন পাতার সবুজ চিঠি ঝরে পড়ে ঘাসে 
মধুর গন্ধে মৌমাছিরা গুনগুন রব তোলে
ফাগুন যেন রং এর থালা ঢেলে দেয় সদ্য যুবতীর কোলে 
শালিক ডাকে দোয়েল নাচে রঙিন আবীর মেখে দিন যায় উল্লাসে 
বকুল ছায়ায় কিশোরী বসে থাকে গোপনে 
লিখে দেয় সবুজ পাতায় প্রথম প্রেমের কথা
বসন্ত মানে নতুন করে হৃদয়ে জানার গান 
দুঃখ ঝরে পড়ে ফোটে নতুন জীবনের গান

🍂

Post a Comment

0 Comments