জ্বলদর্চি

গুচ্ছ কবিতা/ অয়ন মুখোপাধ্যায়

অয়ন মুখোপাধ্যায়-এর গুচ্ছ কবিতা 


ডাস্টবিনের পাশে এক টুকরো আকাশ

আজ দুপুরে ডানকুনি শহরটা খুব কম কথা বলছিল।

একটা বাস থামল—নেমে গেল কয়েক জন ক্লান্ত মানুষ,তাদের পায়ে লেগে রইল ধুলো আর সময়।

ডাস্টবিনের পাশে নীল পলিথিন হাওয়ায় ফুলে উঠছিল যেন ভুল করে পড়ে থাকা এক টুকরো আকাশ।

আমি ভাবলাম,এটাই হয়তো স্বাধীনতা যেখানে কেউ তাকায় না,তবু বাতাস নিজের অধিকার জানে।

একটা কুকুর শুঁকল ভাঁজ হয়ে থাকা খবরের কাগজ,কালকের বিপ্লবের কালি শুকিয়ে গেছে।

শহর খুব নিঃশব্দে তার নীরবতাকে ভাঁজ করে রাখল।


  শহরের ভেতর ছোটো একটি ঘর


ঘরটার দরজা খুলতেই একটা সম্পূর্ণ বিকেল ঢুকে পড়লো ঘরের ভেতরে—আলো নয়, তার ধীর ক্লান্তি নিয়ে।

বিছানার উপর উল্টো করে রাখা চশমা কয়েকটা ওষুধের স্ট্রিপ, এলোমেলো  অর্ধেক লেখা কিছু বাক্য যারা শেষ হতে চায় না।

জানলার বাইরে কাক ডাকছে—
তারা পৃথিবী সম্পর্কে আশাবাদী।

ঘরের ভেতরের বাতাস নিজের সঙ্গে ফিসফিস করে কথা বলে।

আলমারির কোণে জমে থাকা ধুলোই সবচেয়ে স্থির নাগরিক, সে কোথাও যায় না, তবু সে সমস্ত কিছু দেখতে পায় ।

🍂

অপ্রকাশিত সংবাদ

আজ কেউ খবর পড়ল না।টিভির পর্দার মুখগুলো অতি পরিচিত অথচ সম্পূর্ণ অচেনা।

রাস্তার মোড়ে চা-ওয়ালা বলল,“সব একই আছে দাদা, কিছুই বদলায়নি।”

কাপের ভিতর চা ঠান্ডা হয়ে এলো—তর্কের পরের দীর্ঘ নীরবতার মতো।

একটা সাইকেল পাশ দিয়ে চলে গেল,বেল বাজাল না—যেন নিজের উপস্থিতি গোপন রাখল।

আমি ভাবলাম, জীবনের সব চেয়ে বড় ঘটনা গুলো কখনও শিরোনাম হয় না—তারা নিঃশব্দে মানুষ বদলে দেয়।

Post a Comment

2 Comments

  1. AnonymousJune 15, 2026

    আন্তর্জাতিক লেখা

    ReplyDelete