সেগুন-শালের অরণ্যগাথা
পর্ব ১০
মৈত্রেয়ী চট্টোপাধ্যায়
বান্ধবগড়ের প্রজ্জ্বল ইতিহাস ও প্রত্নতত্ত্বের ওপর বাঘের পাগমার্ক
কানহা থেকে বান্ধবগড়ের যে দীর্ঘ রাস্তা, তা চড়াই-উৎরাই, পাহাড়ি ঘাট, পাকদণ্ডী, অনন্ত বনাঞ্চল, শুষ্ক বুনো পথ পেরিয়ে যেতে হয়। সে পথ আমার বড় প্রিয়। কত অগুন্তিবার গিয়েছি সে পথে, তবু আজও একই ভাবে টানে। কানহার দিগন্তবিস্তৃত নরম ঘাসের বন চোখের আড়াল হতেই প্রকৃতির রূপ আবার এক মুগ্ধ বাঁক নিলো।
মধ্যপ্রদেশের উমারিয়া জেলার সীমানায় পৌঁছাতেই শাল বনের ফাঁক দিয়ে মাথা চাড়া দিয়ে উঠল বিশাল সব খাড়া পাথুরে পাহাড়— বিন্ধ্য পর্বতমালা। আমরা এসে দাঁড়িয়েছি বান্ধবগড় টাইগার রিজার্ভের দোরগোড়ায়। পেন্চ যদি হয় কিপলিং-এর গল্পের আঁতুড়ঘর, তাডোবা যদি হয় রুক্ষ বাস্তব, আর কানহা যদি হয় সবুজ সমুদ্র— তবে বান্ধবগড় হলো কোনো প্রহস্যময় রূপকথা। এখানে অরণ্যের বুক চিরে দাঁড়িয়ে আছে প্রায় ২০০০ বছরের পুরোনো এক ইতিহাস, যার ছায়ায় আজো রাজত্ব করে বেড়ায় এই বাঘ-মহালের শাসকেরা।
পরের দিন বান্ধবগড়ের টালা গেট দিয়ে আমাদের জিপসি ভেতরে ঢুকতেই মনে হলো চারপাশের খাড়া পাহাড়গুলোর মুখ ভার; গম্ভীর মুখে তাকিয়ে। এই বনের ঠিক মাঝখানে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮০০ মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে এক প্রাচীন দুর্গ— বান্ধবগড় দুর্গ। আগে যখনই যেতাম, এই দুর্গ ভ্রমণ ছাড়া যাত্রা অসম্পূর্ণ মনে হতো। এখন অবশ্য এই পথ বন্ধ । লোকগাথা বলে, লঙ্কা জয়ের পর অযোধ্যায় ফেরার পথে লক্ষ্মণকে উপহার দেওয়ার জন্য স্বয়ং শ্রীরামচন্দ্র এই দুর্গটি নির্মাণ করিয়েছিলেন। বান্ধবতুল্য ভাই, আর ‘গড়’ মানে দুর্গ— অর্থাৎ ভাইয়ের জন্য তৈরি দুর্গ। ইতিহাস আর পুরাণের এই অদ্ভুত মিশেল বান্ধবগড় কে বেশ রাজকীয় করে তুলেছে।
বান্ধবগড়ের অরণ্য-চরিত্র ভারতের বাকি সব জঙ্গলের চেয়ে আলাদা। এখানে বাঘের ঘনত্ব ভারতের মধ্যে অন্যতম সর্বোচ্চ। কিন্তু এখানকার বাঘেরা শুধু গাছের আড়ালে বা নদীর চরে ঘোরে না; তারা ঘুরে বেড়ায় ইতিহাসের ধ্বংসাবশেষের ভেতর দিয়ে। জিপসি গাড়ি নিয়ে যত আমরা দুর্গের খাড়া পাহাড়টার পাদদেশের দিকে এগোচ্ছিলাম, চোখে পড়ছিল পাহাড়ের গায়ে খোদাই করা প্রাচীন বৌদ্ধ গুহা। আজ থেকে দু-হাজার বছর আগে যে গুহাগুলোয় বৌদ্ধ সন্ন্যাসীরা ধ্যান করতেন, আজ সেই গুহার শীতল অন্ধকারে ভর দুপুরে পরম শান্তিতে ঘুমিয়ে থাকে রয়্যাল বেঙ্গল টাইগারের দল। পাহাড়ের গা বেয়ে নামা এক পাহাড়ি ঝোরার পাশে এসে আমাদের চালক গাড়িটা বন্ধ করলেন। চারপাশটা এত নিস্তব্ধ যে ঝোরার জলের শব্দও স্পষ্ট শোনা যাচ্ছে। গাইড আঙুল উঁচিয়ে দেখালেন পাহাড়ের একদম চূড়ার দিকে। মেঘের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে সেই প্রাচীন দুর্গের ভাঙা পাঁচিল। বহু শতাব্দী আগে বাঘেলখণ্ডের রাজারা এই কেল্লা থেকে শাসন করতেন, আজ সেখানে কোনো মানুষ নেই। রাজপ্রাসাদের দরবারে আজ ওড়ে শুকনোপাতা, আর রাজকীয় আস্তাবলে রাত বাড়লে জল খেতে আসে চিতা বাঘের দল। মানুষ এখানে হেরে গেছে, প্রকৃতি তার নিজের রাজত্ব আবার ছিনিয়ে নিয়েছে।
হঠাৎ সেই পাথুরে পাহাড়ের খাঁজ থেকে একটা ময়ূরের কর্কশ ডাক প্রতিধ্বনিত হয়ে উঠল! ময়ূরের সেই চিল-চিৎকার বনের নিস্তব্ধতাকে চূর্ণ-বিচূর্ণ করে দিল। ঝোরার ওপারে, ঘন শাল বনের বাঁশঝাড়ের আড়াল থেকে একটা হলুদ-কালো ডোরাকাটা শরীর অত্যন্ত মন্থর গতিতে পাথরের ওপর নেমে আসতে লাগল। বান্ধবগড়ের এক জীবন্ত রাজা হেঁটে আসছেন তাঁর প্রাচীন দুর্গের দিকে।
শাল বনের সেই বাঁশঝাড়ের আড়াল থেকে যে ডোরাকাটা শরীরটি নেমে আসছিল, সে আমাদের জিপসি গাড়ির দিকে একটিবারও না তাকিয়ে ধীর পায়ে পাহাড়ের গা বেয়ে নিচে নেমে গেল। আমরাও তার পিছু পিছু গাড়ি নিয়ে এগিয়ে চললাম বনের আরও গভীরে, যেখানে ইতিহাস কোনো জাদুঘরে বন্দি নেই, বরং তা উন্মুক্ত আকাশের নিচে বনের লতাগুল্ম আর বাঘের দীর্ঘশ্বাসের সাথে বেঁচে আছে। চলতে চলতে হঠাৎ এক জায়গায় এসে চারপাশের জঙ্গলটা যেন এক শান্ত মন্দিরের মতো স্তব্ধ হয়ে গেল। আমরা এসে পৌঁছালাম বান্ধবগড়ের সবচেয়ে রহস্যময় এবং পবিত্র স্থান— ‘শেষশয্যা’। ঘন শাল আর অর্জুন গাছের ডালপালা আকাশটাকে এমনভাবে ঢেকে রেখেছে যে দুপুরের চড়া রোদও এখানে এসে নরম, সবুজ আলোয় পরিণত হয়েছে। আর সেই আলো-ছায়ার মায়াবী চাদরের নিচে, একটি প্রাকৃতিক পাহাড়ি ঝোরার উৎস মুখে পাথরের ওপর খোদাই করা আছে ভগবান বিষ্ণুর এক বিশাল শায়িত মূর্তি। প্রায় ৩২ ফুট দীর্ঘ এই মূর্তিটি আজ থেকে প্রায় এক হাজার বছর আগে, দশম শতাব্দীতে কোনো এক অজ্ঞাত শিল্পীর হাতে তৈরি হয়েছিল। অনন্তনাগ বা শেষনাগের ফণার ওপর পরম শান্তিতে শুয়ে আছেন চর্তুভুজ বিষ্ণু, আর তাঁর পায়ের নিচ থেকে অবিরাম ধারায় ঝরে পড়ছে ‘চরণগঙ্গা’ নদীর উৎস ধারা।
এই স্থানটির সৌন্দর্য শব্দে প্রকাশ করা অসম্ভব। মূর্তির সারা গায়ে জমে আছে শতাব্দীর সবুজ শ্যাওলা, আর চারপাশে ফুটে আছে বুনো ফার্ন। কিন্তু এই আধ্যাত্মিক পরিবেশের সবচেয়ে বড় আকর্ষণ হলো— এটি এই জোনের বাঘেদের সবচেয়ে প্রিয় বিশ্রামস্থল। গাইড ফিসফিসিয়ে বলল, “গরমের দিনে যখন পুরো জঙ্গল আগুনে তপ্ত হয়ে ওঠে, তখন এই চরণগঙ্গার শীতল জল আর বিষ্ণুমূর্তির ছায়ায় এসে বসে থাকে বাঘেরা। কতবার এমন হয়েছে, পর্যটকেরা এসেছেন বিষ্ণুমূর্তি দেখতে, আর গিয়ে দেখেছেন স্বয়ং বনের রাজা মূর্তির বুকের ওপর বা পায়ের কাছে রাজকীয় মেজাজে ঘুমোচ্ছেন!” এক হাজার বছর আগে মানুষ যখন এই মূর্তি খোদাই করেছিল, তখন তারা হয়তো ভাবেনি যে একদিন তাদের তৈরি শিল্পকে রক্ষা করার দায়িত্ব নেবে এই বাঘ-মহালের চতুষ্পদ শাসকেরা। প্রত্নতত্ত্ব আর বন্যপ্রাণের এই যে অদ্ভুত মেলবন্ধন, তা কেবল ভারতের এই মধ্যভাগের জঙ্গলগুলোতেই সম্ভব। এখানে ইতিহাস মৃত নয়; বাঘের প্রতিটি পদচিহ্ন যখন এই প্রাচীন পাথরের ওপর পড়ে, অতীত আর বর্তমান মিলেমিশে একাকার হয়ে যায়।
চরণগঙ্গার সেই শীতল জল সামান্য ছুঁয়ে নিলাম। ফেরার পথে মনের ভেতর এক অদ্ভুত শান্তি। বাঘ দেখার আনন্দ তো আছেই, কিন্তু তার চেয়েও বড় কথা— আমরা এই অরণ্যের অন্তরকে ছুঁয়ে দেখেছি। আমাদের এই দীর্ঘ তিন মাসের বন্য মহাকাব্য এবার তার অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছে। সামনের সপ্তাহে আমরা এই বাঘ-মহালের শেষ আলোটুকু বুকে নিয়ে এই যাত্রার ইতি টানব... (ক্রমশ...)
0 Comments