জ্বলদর্চি

'মৌসুমি বায়ুর দেশ’ নিয়ে কলম ধরেছেন প্রিয়া কুণ্ডু নন্দী

‘মৌসুমি বায়ুর দেশ’ নিয়ে কলম ধরেছেন প্রিয়া কুণ্ডু নন্দী

দিলীপ মহান্তীর লেখা 'মৌসুমি বায়ুর দেশ' কবিতার বইটির নাম আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও নামের মধ্যেই গভীরতা লুকিয়ে আছে। স্বভাবতই প্রতিটি কবিতায় যেমন প্রকৃতিকে খুব কাছ থেকে উপলব্ধি করার সুযোগ রয়েছে, তেমনই রয়েছে মন ভালো করে দেওয়া অপূর্ব এক অনুভব।
কবিতার শব্দচয়ন ও তার ঝংকার যেমন শ্রুতিমধুর, তেমনি স্থানভেদে তা কঠোর নির্মম সত্যকে ফুটিয়ে তুলে, যা  মনকে তরঙ্গময় ভাবে আলোড়িত করে তোলে। আবার এখানে কখনও প্রকৃতি ধরা দিয়েছে নানা ভাবনা ও শৈল্পিক সৌন্দর্যে—যেন সুন্দর মুহূর্তগুলো একই সরলরেখায় আঁকা এক একটি ছবি।
বইয়ের কিছু কবিতা মন ভালো রাখার দাবি রাখে, যেমন—‘বাদল বাউল’, ‘জলপরী’ এবং ‘সহজপাঠ’। এই তিনটি কবিতাই তুলে দিলাম:

বাদল বাউল

গাছেরা পাগল হয় আষাঢ়ে শ্রাবণে
পাতাদের চোখ বেয়ে কত জল ঝরে!
তখন ডুবে যায় পৃথিবীর রুক্ষ তৃণভূমি
ভেসে যায় ঘর ছাড়া ধুলো বালি জমি!

তোমার আকাশজুড়ে যে সব ছবিরা
স্তব্ধ হয়ে ঝরে গেছে অন্য আকাশে
আবার তাদের ডাকো দেওয়ালে টাঙাও
রাত জাগা চোখে দেখো রঙের মাধুরী!

পায়ের পাতায় ছোঁয়া বিকেলের রোদ
শ্মশানের শব্দরাজি কত বা নির্মল
হাতের আঙুলে ভাসে ঘাসেদের ব্যথা
স্নানের পরের সেই ভিজে মাদকতা!

বাতাসের বুকে আজ জন্মের মাধুরী
উঁচুনিচু পোড়া জমি বৃষ্টি খুঁজেছে
লাঙলের ফালে দেখো মাটির আকুতি
প্রবল বর্ষণ হলে তুমিও ঘুমোবে।
🍂


জলপরী

গ্রাম থেকে গ্রামে ছড়ায় কান্না স্রোত
পুজোর সকাল ভাসে রাত্রির গানে
সমস্ত চোখের থেকে বিদায় বেদনা
প্রতিমার দৃষ্টি নিয়ে ডুবে যাচ্ছে জলে।

জলে কত যে ভয়! জানে জলপরী।
সমুদ্র আকাশের সঙ্গে বাঁধে খেলাঘর
পাহাড়ি জঙ্গল বেয়ে নাচে যে ঝরনা
তার চেয়ে আনন্দের তোমার ঠিকানা।

এই পথেই আলো জ্বেলে এ পথেই শান্তি
শরীর শরীর খেলা কত মোহময়
উড়িয়ে চুলের মেঘ ধুলোদের বুকে
বিরহ আঙুল বনে, ত্বকের মাঠেতে।


সহজ পাঠ

পথ নৌকো আঁধার নদী
আরো কত সম্মুখ প্রহরী
নির্বাক চোখের দু'টি তারা
দিগন্তের চেয়েও বেশি ভারী।

ঘুম জড়ানো রোদ্দুরের ডানা
ঘন মেঘ জমাট বাঁধে হাওয়া
আমরাও পথের দু'পাশে বসে বসে
লিখে যাই অযত্নের অপমান রাশি।

গ্রামের শেষের সেই যে ভাঙাবাড়ি
ছবির মতো তালখেজুরের সারি
তার নীচে কবেকার রাক্ষসী এক দিঘি
এক বুক মেঘ কোল বাড়িয়ে হাসে।

ওইখানেতে বীরু রায়ের স্মৃতি
ওইখানেতে সম্মিলিত সবুজ শৈশব
সারা দুপুর জলের নীচে থাকি
চোখের লালে বাড়ি যাওয়ার দেরি।

ধোঁয়ার আকাশ আর ধুলোর ঝড়
চোখে চোখে হারিয়ে যাওয়া দিন
কেমন যেন ঝাপসা হয়ে আসে
বৃষ্টিমাখা ছন্দোময় পাঠশালার ক্ষণ।

এই কবিতাগুলোর ছত্রে ছত্রে প্রকৃতির যে রহস্যময় রূপ ফুটে উঠেছে, তার আলো-আঁধারি খেলায় বেঁচে থাকার এক অনাবিল আনন্দ লুকিয়ে আছে। আমাদের নিত্যদিনের হাঁপিয়ে ওঠা ব্যস্ত জীবনে কবিতা যেন একমুঠো তাজা অক্সিজেন।
আসলে কবিতা তো কবিতাই—চোখ বুজে অনুভূতির গভীরে ডুব দেওয়ার স্থান! আর কবি এখানে তাঁর নিজস্ব ভাবনার এক অনন্য জগৎ সৃষ্টি করতে সর্বদা স্বতঃস্ফূর্ত।

Post a Comment

0 Comments