জ্বলদর্চি

দুটি কবিতা /মৌমিতা চ্যাটার্জী

দুটি কবিতা 
মৌমিতা চ্যাটার্জী

তাপের বিপরীতে 

একেকটা অন্ধ সময় এলে মানুষ আগুন হয়ে জ্বলে।
তাপ দিতে দিতে বিক্ষুব্ধ সময়ের বিপরীতে হাঁটে।
খিদে, ঘুমের নিয়মমাফিক সমীকরণে ঘুণ ধরে। 
কখনও ক্র্যাচে ভর দিয়ে একটার পর একটা দুরূহ শৃঙ্গ জয় অনিবার্য হয়। 
সময় স্থির হয়।
 বালির ঝড় ওঠে।
ভরসা, বিশ্বাস, প্রেম একেকটা চলমান বালিয়াড়িরই নামান্তর।
পরিত্যাক্ত স্যাঁতস্যাঁতে প্রাসাদ ঘুরে ঘুরে চিৎকার করে মেহের আলি।
সব ঝুট হ্যায়। সব ঝুট হ্যায়।


🍂

আহ্বান

আবার ফেরো থেকো না দ্বীপান্তরে,
ডানামেলা রোদে, নিশ্চুপে, কোলাহলে।
দেখবে কেমন পাগলপারা নদীর,
ভালোবাসা লেখা ঢেউয়ের খোলা কপালে।

পুরোনো অসুখ বাধ্য বৃষ্টি হয়ে,
ধুয়ে গেছে সেই বন্ধ্যা ক্ষেতের মাটি।
নাছোড় অ-শোক দেশান্তরী এখন,
সংসারী রাতে উপশম পরিপাটি।

ফাগুন এলেও শীত কি বেভুল হয়?
রংচটা, তবু আঁকা ছবি দর্পণে।
মনে করে ছুঁতে লাল আবীরের তুলি,
আব্দারে ফেরো ভুলের সমাপনে।

Post a Comment

1 Comments

  1. কমলিকাFebruary 07, 2026

    খুব ভালো লাগলো, বিশেষ করে আহ্বান কবিতাটা।

    ReplyDelete