রেখা ও লেখা || ঋত্বিক ত্রিপাঠী
উৎসমূলেই যে নদী উন্মুখ, আমি আজ তার
সমস্ত কথা, সমস্ত মনখারাপ জেনে নেব
পাথর ক্রমশ উন্মোচন করবে তার
জন্মস্তরের রেখাতে রেখাতে দুঃখ কথা
পাথর ক্রমশ উন্মোচন করবে তার
মৃত্যুস্তরের মোড়ে মোড়ে আনন্দমেলা
জগন্ময়, তোমার এই বাতাস শরীরে শরীর
কর্ষণ ও বর্ষণে যদি না লিখতাম সমুজ্জ্বল এই সব দিন
তবে কি প্রতিচ্ছবি চিনে নিতে পারত সঠিক—
উৎসমূলে দাঁড়িয়েছি যে আমি!
রোদ্দুরে এসে দাঁড়িয়েছে এই শরীর
এই আমার মনখারাপের ছায়াপথ
আমার স্মৃতিদগ্ধ চক্রগতি সমূহ
ভাঙনের গানে ভেসে গিয়ে পুঞ্জীভূত দ্বীপ
আগুন দীর্ঘস্থায়ী না হলে, নিঃশেষ হওয়ার শক্তি জন্মাবে না।
পৃথিবীর হাজারো অংশ পতিত থেকে যাবে
সেখানে আগুনের ব্যবহার জানবে না মানুষ
না ঝড়-বৃষ্টি-প্রেম না বিদ্যুৎ-উল্কা-স্মৃতি না গ্রহণ-জাগরণ
যেখানে আমাদের প্রবেশাধিকার নেই—এই এক জন্মে
অনন্ত কথাদের জন্য আমাদের যেমন সাত প্রজন্ম
ফিরে ফিরে আসে, তবু মনে হয় —
কিছুই বলা হল না সময়াভাবে।
তবে আমার অশ্রু কেন চিনতে ভুল করে!
সমস্ত দুপুর তুমি স্নানহীন জেগে আছ
অথচ বৃষ্টিহীন আকাশ ভেঙে পড়ে মাটিতে!
1 Comments
ভাঙন ও মৃত্যুও নতুন সৃষ্টির পূর্বশর্ত এই ভাবনাটা খুব ভালো লাগলো।
ReplyDelete