জ্বলদর্চি

তিনটি কবিতা / আগমনী কর মিশ্র

তিনটি কবিতা 

আগমনী কর মিশ্র

প্রেম 

জীর্ণ পাতাটি ঝরিয়ে দিয়েছে ডাল।
এবার তবে কৃচ্ছসাধন পালা
নাগরিক দিন জনমত ছুঁতে চায়
শৃণ্যতার এ কী বিষম জ্বালা।

তবুও কিছু অপলক ভোর আসে
রেখে যায় তার বুকের ভিতর খাম
না বলাও তো তরঙ্গে ভেসে যায়
এঁকে দেয় কত অজস্র গুমনাম।

বেদুইন, তোর চঞ্চল পায়ে পায়ে
জড়িয়ে দিলাম জ্যান্ত কচুরিপানা
ফুল ফোটাবার কথাটুকু শুধু রাখ
নইলে কিন্তু প্রেম আর লিখবো না।
         

জীবন
  
জীবনকে দেখতে হলে 
চোখ তুলে তাকানো দরকার।

জীর্ণ পাতাটি খসে পড়েছে বহু প্রতীক্ষিত মাটির পরে
বুকে বুক ঠেকিয়ে বলছে তার জল-বাতাস
দেখতে হলে চোখ মেলতে হয়।

অনন্ত অগোছালো সময় কেমন করে যেন
 হারিয়ে যায় অনুভবের গভীরে
সে তো জীবনের আলো-ছায়া স্নান।

তোমার চোখের তারায় যে চোখ জ্বলে ওঠে
প্রতিধ্বনি তোলে যুগান্তের
তাকে দেখতে হলে 
চোখ তুলে তাকানো দরকার।

অনুভব ছাড়া কে কবে দেখেছে জীবনকে?
      
      
এসো
    
নিঃস্তব্ধ রাত্রির মতো এসো
এসো তরল আঁধারের মতো
ছুঁয়ে যাও আমার সকল অঙ্গন।
ছোঁয়া, যা পৃথিবীর সবচেয়ে দুর্লভ হতে পারে
সেই ছোঁয়ায় পূর্ণ করো আমায়।
আলোক বিন্দু থেকে নেমে আসুক কিছু সুখ
সেই সুখ গায়ে জড়িয়ে দিনযাপনের ক্লান্তি ক্ষয় হোক।
অযুত বর্ষের ধারনার খোলস ত্যাগ করে আমি হতে চাই 
ভিন্নতর  আলোকজীবী।
এসো
সবটুকু নিয়ে এসো গহন রাতের মতো,
আমার দুচোখের পাতায় ঘরবাড়ি হোক তোমার।

🍂

Post a Comment

6 Comments

  1. কমলিকাMay 24, 2026

    ভালো লেগেছে

    ReplyDelete
    Replies
    1. AnonymousJune 02, 2026

      অজস্র ধন্যবাদ

      Delete
  2. ভালো লাগলো।

    ReplyDelete
    Replies
    1. AnonymousJune 02, 2026

      ধন্যবাদ জানবেন।

      Delete
  3. AnonymousMay 24, 2026

    ভালো। শূন্যতা হবে

    ReplyDelete
    Replies
    1. AnonymousJune 02, 2026

      ঠিক। ধন্যবাদ।

      Delete